মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্রের কাছে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের একটি ঈদগাহ মাঠ থেকে এটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত ভোটকেন্দ্র থেকে মাত্র ১০০ গজ দূরে একটি লাল শপিং ব্যাগ ঝুলতে দেখেন গ্রামবাসী। ব্যাগের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো সন্দেহভাজন বস্তু দেখে তারা পুলিশে খবর দেন। এতে সাধারণ ভোটার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদ করেন। পরে এটি পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, কে বা কারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ব্যাগটি সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগের দিন এ ধরনের তৎপরতা রোধে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
জেএইচআর