ঝালকাঠির দুটি সংসদীয় আসনে নির্বিঘ্ন ভোটগ্রহণের লক্ষ্যে ২৩৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে জেলার চারটি উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার ও সিলসহ ৪৬ ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়।
সরঞ্জাম বিতরণের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদেরও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিকেলের মধ্যেই সব কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল পৌঁছে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের অবস্থান গ্রহণ করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৯০টি এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। দুই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।
এবারের নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৮ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলাজুড়ে ৪ হাজার ৫৭৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য এবং ১৫ জন করে আনসার সদস্য সার্বক্ষণিক পাহারায় থাকবেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে আসতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জেএইচআর