জয়পুরহাটের ২৫৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 

বুধবার বেলা ১১টা থেকে সদর উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে ১৫১টি এবং জয়পুরহাট-২ আসনে ১০৪টি সহ মোট ২৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা পুলিশ ও আনসার বাহিনীর কড়া পাহারায় সিল, স্বচ্ছ ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' বা বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। বাকি ১৫৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অধিকাংশ কেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন র‍্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনী, ১ হাজার ২২ জন পুলিশ এবং ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী অপরাধ দমনে প্রতি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ভোটাররা যাতে কোনো বিঘ্ন ছাড়াই কেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

জেএইচআর