টাঙ্গাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪১ পিএম

টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার সকালে শহরের এই কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত পণ্য বিক্রি চলবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ২০ দিন সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৫০টি স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে।

পাঁচটি ট্রাকে করে নির্ধারিত স্থানে ৪০০টি নিম্নআয়ের পরিবারের মাঝে দুই কেজি করে মসুর ডাল ও সয়াবিন তেল, এক কেজি করে চিনি ও ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর বিক্রি করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

জেলার ১২টি উপজেলায় টিসিবির মোট এক লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহক রয়েছেন। টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, মজুদ সাপেক্ষে একযোগে জেলার সকল গ্রাহকের মাঝে এই পণ্য বিক্রি করা হবে।

জেএইচআর