পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:১৭ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টা ১০ মিনিটে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন-এর ড্রেনেরঘাট-নরপতি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন (রকি) ও এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে মো. হালিম (৩০) এবং একই উপজেলার কুমিরমারা এলাকার কাশেমের ছেলে মো. নাইম (৩০)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ড্রেনেরঘাট টু মঠখোলা নরপতি এলাকায় আঃ সাহিদ বাড়ির পূর্ব পাশের রাস্তার ওপর থেকে তাদের ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএন