বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মুরুংগো বাজার সংলগ্ন সাইরন ম্রো পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরনের পোশাক দেখে তাকে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান-রুমা সড়কের সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, সাইরন পাড়া এলাকায় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় বিস্তারিত তথ্য পেতে সময় লাগছে বলে তিনি জানান।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার দীলিপ চৌধুরী জানান, রাত সাড়ে ৮টার দিকে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, মুরুংগো বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির খবর তিনি শুনেছেন। এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে তিনি জানান।
জেএইচআর