নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া ঢাকায় আটক

নাটোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:০৬ পিএম

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানীর মিরপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার সন্ধ্যায় মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, র‍্যাবের একটি বিশেষ দল ঢাকায় অভিযান চালিয়ে এহিয়াকে আটক করেছে। তাঁকে নাটোরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর শহরের কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। এ মামলাটি দীর্ঘ দিন ধরে এলাকায় আলোচিত ছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে এহিয়া আটকের ঘটনায় নাটোরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির নেতারা এক বিবৃতিতে তাঁকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংস কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগ তুলে নেতারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।

এহিয়ার আটকের খবরে নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে যুবলীগ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাধারণ মানুষ অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর ও নিরপেক্ষ আইনি পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

জেএইচআর