কচুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:১৮ পিএম

চাঁদপুরের কচুয়ায় সেহরির খাবার প্রস্তুত করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (৩০), তাঁর স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০)। বর্তমানে তাঁরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, ভোররাতে ভাবি খাদিজা আক্তার সেহরি প্রস্তুত করার জন্য রান্না ঘরে যান। সেখানে আগে থেকেই গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ছিল। চুলায় আগুন দিতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলিও দগ্ধ হন।

স্বজনরা তাঁদের উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাঁদের ঢাকায় পাঠানো হয়। কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. নাছির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। এদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর