খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:৪৫ পিএম

খাবার তৈরির কারখানায় মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরের হাজীগঞ্জে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় মেসার্স মিতু ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার পাওয়ায় ওয়েলকাম সুইটস এন্ড বেকারি মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ও বাসি খাবার ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধীকার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। 

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এএন