চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ডের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বাক্স খোলার পর সর্বোচ্চ দরদাতা হিসেবে উভয় ইজারা পেয়েছেন মজিবুর রহমান।
ইজারা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন এবং পৌরসভার সচিব শাহ সুফিয়ান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই এই ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বাজার ও বাসস্ট্যান্ড মিলিয়ে মোট ছয়টি দরপত্র জমা পড়েছিল। ফরিদগঞ্জ বাজারের জন্য মজিবুর রহমান সর্বোচ্চ ২০ লাখ ৬৪ হাজার টাকা দর উল্লেখ করেন। এই পদের জন্য অন্য আবেদনকারীদের মধ্যে নাছির উদ্দিন পাটওয়ারী ৩ লাখ টাকা এবং মো. ইসমাইল হোসেন ২ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করেছিলেন।
অন্যদিকে, বাসস্ট্যান্ডের ইজারার জন্য মজিবুর রহমান সর্বোচ্চ ৩৩ লাখ ৩৬ হাজার টাকা দর দেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন পাটওয়ারী ৪ লাখ টাকা এবং মো. জাহিদুল ইসলাম ৩ লাখ টাকা উল্লেখ করেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, ইসমাইল হোসেন ও জাহিদুল ইসলাম প্রয়োজনীয় বিডি (পে-অর্ডার) জমা দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে মজিবুর রহমানকে প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। তাঁর দাখিলকৃত সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাঁকে চূড়ান্তভাবে বৈধ ইজারাদার ঘোষণা করা হবে বলে তিনি জানান।
ইজারা প্রক্রিয়াকে কেন্দ্র করে পৌর এলাকার সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সঠিক ইজারাদার নিয়োগের মাধ্যমে বাজারের পরিবেশ ও বাসস্ট্যান্ডের শৃঙ্খলা বজায় থাকবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর