সনদ স্থগিতের প্রতিবাদে কক্সবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৪৫ পিএম

কক্সবাজারে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বা সনদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে জেলার ব্যবসায়ীরা এই প্রতিবাদ জানান।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। উখিয়া খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার সার ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে একযোগে সব সনদ স্থগিত করায় সার সরবরাহ ব্যবস্থায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মৌসুমে কৃষকেরা সময়মতো সার না পেলে আবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা জানান।

ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্য ও নীতিমালা মেনে সার বিক্রি করে আসছেন। কোনো সুনির্দিষ্ট অনিয়ম থাকলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু ঢালাওভাবে সবার সনদ স্থগিত করা ন্যায়সঙ্গত নয়।

বক্তারা আরও বলেন, সনদ স্থগিত থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে কর্মচারীদের বেতন ও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে টেকনাফ উপজেলার সভাপতি আনোয়ার, উখিয়ার সভাপতি ইব্রাহিম, রামু সভাপতি নরু হোসেন, কক্সবাজার সদর সভাপতি মোরশেদ আলম এবং চকরিয়া সভাপতি নুরুল কাদেরসহ সকল উপজেলার খুচরা সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর