জাপানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লিগে অংশ নিতে ২১ সদস্যের বিকেএসপি অনূর্ধ্ব ১৮ ফুটবল দল আজ শনিবার দিবাগত রাত ১টায় জাপানের উদ্দেশে যাত্রা করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
জাপানের ফুকুওকা শহরে আগামী ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক লিগ। এতে জাপানের ১৩টি দলসহ বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক তিনটি বিদেশি দল অংশগ্রহণ করবে। দলে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিকেএসপির পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন বিকেএসপির জাপানি কোচ কাই তাগুচি।
টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। বিকেএসপি দল ডি গ্রুপে জাপানের আরও তিনটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এর আগে ইতালির এসি মিলান ইয়ুথ, ইন্টার মিলান ইয়ুথ, নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথসহ চীন, কোরিয়া ও জাপানের অনূর্ধ্ব ১৭ জাতীয় দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
এর আগে গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত একটি সকার ফেস্টিভ্যালে অংশ নেয় বিকেএসপি অনূর্ধ্ব ১৭ দল। সেখানে তিনটি ম্যাচে তারা একটি জয়, একটি ড্র ও একটি পরাজয়ের ফল অর্জন করে। সেই প্রতিযোগিতায় দৃষ্টিনন্দন খেলার জন্য আয়োজক কমিটি বিকেএসপিকে চলতি বছরের সানিক্স কাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।
উল্লেখ্য যে বিকেএসপির এসব খেলোয়াড়দের প্রায় সবাই পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে সুযোগ পান। সর্বশেষ জাতীয় দলের প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিকেএসপির।
সংশ্লিষ্টরা মনে করেন যে এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জন করতে পারে যা ভবিষ্যতে জাতীয় দলকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
জেএইচআর