দিনাজপুরে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৪১ পিএম

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের এক সফল যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার পূর্ব বালান্দোর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বিরল উপজেলার পূর্ব বালান্দোর গ্রামের মৃত সাবেদুর রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রনি আহমেদ (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর পৌনে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এবং র‌্যাবের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আটককৃত আসামি ও মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এএন