মহম্মদপুরে ৩২ হাট-বাজার ইজারা, স্বচ্ছতার আশ্বাস প্রশাসনের

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৫ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার ৩২টি হাট-বাজার ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র সিডিউল বিক্রির সময়সীমা রোববার (০৮ মার্চ) বিকেল ৩টায় শেষ হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী ব্যক্তিরা সিডিউল সংগ্রহ করছেন এবং শেষ মুহূর্তের ভিড়ে এই সংখ্যা আরও বাড়তে পারে।

উপজেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত মোট ২২১টি দরপত্র সিডিউল বিক্রি হয়েছে। চলতি অর্থবছরের জন্য উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারা প্রদানের উদ্দেশ্যে এই দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আজ সিডিউল বিক্রি শেষ হওয়ার পর আগামীকাল সোমবার (০৯ মার্চ) দরপত্র জমা দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইজারা প্রক্রিয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দরপত্র প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের সিন্ডিকেট বা স্বজনপ্রীতির সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় হাট-বাজার ইজারা দেওয়া হবে। যে কেউ নির্ধারিত নিয়ম মেনে দরপত্রে অংশ নিতে পারবেন। এখানে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ নেই।”

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের প্রত্যাশা যে এই ইজারা প্রক্রিয়ায় যেন প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত হয় এবং কোনো অসৎ সিন্ডিকেট বা বিশেষ গোষ্ঠী অনৈতিক সুবিধা নিতে না পারে। তাঁদের মতে, উপজেলার হাট-বাজারগুলো স্থানীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় ইজারা প্রদান সম্পন্ন হলে একদিকে সরকারি রাজস্ব বাড়বে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরাও সমান সুযোগ পাবেন।

জেএইচআর