ঝিনাইদহে বৈষম্যবিরোধী নেতা নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৩৪ পিএম

ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহম্মেদ নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরবের স্বজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা ছাত্রনেতা নিরব হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং টার্মিনালে গাড়ি পোড়ানোর সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।

উল্লেখ্য, গত শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে পেট্রোল কেনা নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহম্মেদ নিরব নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজন এবং তেল পাম্প ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

এএন