ফরিদগঞ্জে চারতলা ভবন হেলে পড়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন ও ভবন খালি করার নির্দেশ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)  প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:১১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে একটি চারতলা ভবন পাশের আরেকটি চারতলা ভবনের দিকে হেলে পড়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উভয় ভবনের বাসিন্দাদের ভবন ত্যাগের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মিরপুর সড়কে দেলোয়ার হোসেনের মালিকানাধীন চারতলা ভবনটি পাশের আক্তার পাটওয়ারীর চারতলা ভবনের দিকে কয়েক ইঞ্চি হেলে পড়েছে। 

সোমবার দুপুরের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রশাসনকে অবহিত করেন। পাশের ভবনের ম্যানেজার মাহা গাজী জানান, সকালে ভবনটি হেলে পড়ার বিষয়টি তাদের নজরে আসার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, দুটি ভবনই পূর্বে ধানক্ষেতের জমির ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার কামরুল ইসলাম জানান, ভবন হেলে পড়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে উভয় ভবনের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভার নকশাকার আল আমিন জানান, ২০০৭ সালে পাশাপাশি নির্মিত এই ভবন দুটির বর্তমান অবস্থা কারিগরিভাবে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, ঘটনার খবর পেয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের জন্য গণপূর্ত বিভাগের এসডিও, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী এবং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডারের সমন্বয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটি ঈদের পর সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে এবং সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত নিরাপত্তার স্বার্থে ভবন দুটিতে সব ধরনের বসবাস ও কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এই নির্দেশনার পর বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গেছেন বলে জানা গেছে।

জেএইচআর