মির্জাপুরে সহস্রাধিক মানুষের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:২২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও মেসার্স হাবিব ব্রিকসের স্বত্বাধিকারী মো. আব্দুস ছাত্তার সিকদার ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার সামগ্রী তুলে দেন। 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রোববার ও সোমবার দুই দিনব্যাপী এই উপহার বিতরণ কর্মসূচি পালিত হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আল এমরান খান, সাবেক সদস্য আলহাজ খান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সাবেক মেম্বার রেদুয়ান সিকদার রতন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং বহুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবুল কাশেম সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মির্জাপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আব্দুস ছাত্তার সিকদার জানান, তাঁর পিতা প্রয়াত জয়নাল সিকদার ও বড় ভাই আবুল কালাম সিকদারসহ তাঁদের পরিবারের পক্ষ থেকে বহুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দরিদ্র মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে। উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। 

এ সময় তিনি এলাকার অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বহুরিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জেএইচআর