সীমান্তে ৫৬ বিজিবির অভিযান, তিন লাখ টাকার ভারতীয় গরু আটক

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৩:০৮ পিএম

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে চোরাচালান প্রতিরোধে এক সফল অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। 

মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার কাহারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরমারী বিওপির একটি বিশেষ টহল দল সুবেদার মো. সেলিম মৃধার নেতৃত্বে কাহারপাড়া এলাকায় অবস্থান নেয়।

সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৭৪২/১৮-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় ষাঁড় গরু আটক করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা গরুগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে আটককৃত গরুগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৫৬ বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে বিজিবি নিশ্চিত করেছে।

জেএইচআর