ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, কোন তদবিরে নয়। এখানে কোন তদবির চলবে না, তদবির করলে বাদ পড়বেন।
প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও আমি কোনো নীতি ভাঙবো না। মনে রাখবেন, তদবিরকারীরা আমাকে বলার সাহস পাবে না, এজন্য কোনো টাকা-পয়সা দেবেন না। আর দিলেও সেটি আমার কাছে পৌঁছাবে না।
ঠাকুরগাঁও জেলার হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজ ও রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে রোববার বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সংক্রান্ত জনসচেতনতামূলক পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বেলাল হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। অনলাইনে আবেদন ০৫ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ৩১ মার্চ ২০২৬ তারিখে শেষ হবে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় ঠাকুরগাঁও জেলায় দালাল, প্রতারক চক্রসহ অসাধু ব্যক্তিরা চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে। এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া এই নিয়োগ প্রক্রিয়ায় কেউ আর্থিক লেনদেনে জড়িত থাকলে পুলিশকে তথ্য দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার জন্যও অনুরোধ করেন পুলিশ সুপার।
জ্বালানি তেল সংকট বিষয়ে পুলিশ সুপার আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। মানুষ এখন বাটপার হয়ে গেছে। ঢাকা শহরে রাইডার নেই, তারা যাত্রী বহন করছেন না এবং তেল সংগ্রহে ব্যস্ত। কেউ তেল কিনে চড়া দামে বিক্রি করছে, এজন্য সংকট দেখা দিয়েছে।
এসময় কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানা (ওসি) আমানুল্লাহ আল বারী, হরিপুর থানা (ওসি) এসআই রহমতুল্লা রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এএন