কালিবাজারে ঐতিহ্যবাহী খাল পুনঃখনন ও সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:০৬ পিএম

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারের মধ্য দিয়ে প্রবাহিত গুরুত্বপূর্ণ খালটি জরুরি পুনঃখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। 

সোমবার কালিবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করে গণদাবি উত্থাপন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা এই খালটি বর্তমানে অবৈধ দখল এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলায় পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্থানীয় কৃষি কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ে এই খালটি খনন করা না হলে কালিবাজারের দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন। এছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন ও মো. সাইদুর রহমান মুন্সীসহ বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে এই জনহিতকর কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

জেএইচআর