বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘ব্রির অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা এবং বিজ্ঞানীদের জন্য দুই মাসব্যাপী আধুনিক ধান উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার গাজীপুরস্থ ব্রির সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রির বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে গবেষণার প্রকৃত সফলতা তখনই আসবে, যখন এর সুফল সাধারণ কৃষকের কাছে পৌঁছাবে। তিনি মেধা পাচার রোধে বিজ্ঞানীদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ বলেন, বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। কৃষি ঋণসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে সরকার কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুনুজান খানম। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ খালেকুজ্জামান আশা প্রকাশ করেন যে, এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিজ্ঞানীরা আধুনিক ধান উৎপাদন ও গবেষণায় সম্যক ধারণা অর্জন করবেন। অনুষ্ঠানের আগে অতিথিরা ব্রির বিভিন্ন গবেষণাগার, কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র ও জিন ব্যাংক পরিদর্শন করেন।
জেএইচআর