নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:২৫ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির সূচনা করা হয়।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু'র প্রতিনিধি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এবং উপজেলা শ্রমিক দল সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১,০৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষি, ৪০০ জন তিল চাষি এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে নির্ধারিত পরিমাণ বীজ ও সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। সময়মতো সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এই প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর