মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুইটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। আটক মমতাজ আলী গাংনী উপজেলার কালিগাংনী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় মমতাজ আলীকে আটক করা হয়, তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
অপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি।
উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটক মমতাজ আলীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
এএন