ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। এ সময় প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান, যারা সরেজমিনে উপস্থিত থেকে দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটায় পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এএন