কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার মিলনস্থলে একটি স্থায়ী প্রবেশদ্বার (গেট) নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সেলিমনগর এলাকায় দুই জেলার সীমানা গেট নির্মাণের সম্ভাব্য স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এবং সংশ্লিষ্ট সার্ভেয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেলিমনগর এলাকায় সীমানার খসড়া পরিমাপ সম্পন্ন করা হয়েছে। দুই জেলার প্রবেশপথকে আরও চিহ্নিত ও দৃষ্টিনন্দন করতেই এই গেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত স্থানটি যাচাই-বাছাই শেষে এখন প্রতিবেশী লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে। দুই জেলার সম্মিলিত সম্মতির ভিত্তিতেই গেট নির্মাণের চূড়ান্ত নকশা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
স্থানীয়রা মনে করছেন, এই প্রবেশদ্বারটি নির্মিত হলে কুড়িগ্রাম জেলায় আগত দর্শনার্থী ও সাধারণ মানুষের কাছে জেলার পরিচিতি ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। প্রশাসনের এই উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
জেএইচআর