নীলফামারীতে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:১০ পিএম

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের চৌরঙ্গী মোড়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

ক্যাব নীলফামারী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আল-আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্যতেল উধাও করে দিয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়েদে আজম।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ ক্রেতারাও এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জেএইচআর