মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযান: সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৩৪ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. আশরাফুল নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার মহামুনি তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের রবজেল মন্ডলের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন হিসেবে আশরাফুলকে তল্লাশি করা হলে তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে মাদক পাচার, অস্ত্র উদ্ধার ও সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাঁদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

জেএইচআর