মাগুরায় ভোজ্যতেল বাজারে অস্থিরতা, সরবরাহ সংকট ও তথ্য ঘাটতি

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:৫৮ পিএম

মাগুরায় ভোজ্যতেল বাজারে সাম্প্রতিক সময়ে অস্থিরতা, দামের ওঠানামা এবং সরবরাহে অনিশ্চয়তা নিয়ে ব্যবসায়ী ও ভোক্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বোতলজাত কোম্পানিগুলোর সরবরাহ নীতি এবং কিছু ডিলার পর্যায়ের সমন্বিত কার্যক্রমের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের একাংশের দাবি, খোলা বাজারে তেলের চাহিদা বাড়লে অনেক সময় বোতলজাত সরবরাহ কমিয়ে দেওয়া হয়, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করে। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ চেইনে স্বচ্ছতার অভাব, ডিলার পর্যায়ে নিয়ন্ত্রণহীনতা এবং মজুদ ব্যবস্থাপনার দুর্বলতাই এই সংকটের মূলে। 

এদিকে মাগুরা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলামের কাছে জেলার ভোজ্যতেলের সরবরাহ, ডিলার সংখ্যা ও মোট চাহিদা সম্পর্কে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান দিতে পারেননি। তথ্য ব্যবস্থাপনায় এমন দুর্বলতা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে।

বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

এরই অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। জেলা মার্কেটিং অফিস ও মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান চলাকালে আড়পাড়া বাজারের 'মেসার্স মহামায়া ট্রেডার্স'-এ গুরুতর অনিয়ম পাওয়া যায়। ইতিপূর্বে সতর্ক করা সত্ত্বেও মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, খোলা অবস্থায় নিত্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরা পৌরসভার বাজার সংশ্লিষ্টদের মতে, শুধু খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরং পুরো সরবরাহ চেইন, ডিলার নেটওয়ার্ক এবং কোম্পানি পর্যায়ের বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ডিলার ও পাইকারি পর্যায়ে নিয়মিত অডিট এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা নিশ্চিত করা না হলে এই অস্থিরতা বারবার ফিরে আসতে পারে বলে তারা মনে করেন।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নজরদারি আরও জোরদার করা হবে। সব মিলিয়ে মাগুরার ভোজ্যতেল বাজার নিয়ে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি এখন জোরালো হচ্ছে।

জেএইআর