সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করতে টাঙ্গাইল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও, প্রধানমন্ত্রী সরাসরি ঢাকা থেকে টাঙ্গাইলে এসে পৌঁছান। তবে জানা গেছে, দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধনের পর তিনি মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন।
প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় দেশের ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রাথমিকভাবে ৩৫ হাজার কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকের ১৪৫৩ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। প্রধানমন্ত্রী আজ প্রতীকী হিসেবে ১৫ জন কৃষকের হাতে স্বহস্তে স্মার্ট কার্ড তুলে দেবেন।
এই ব্যবস্থার মাধ্যমে সরকারি কৃষি প্রণোদনার অর্থ সরাসরি কৃষকদের কার্ডে পৌঁছে যাবে। পর্যায়ক্রমে এই ডিজিটাল সুবিধা সারাদেশের সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
জেএইচআর