বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে বগুড়ার দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে এবং অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এই লক্ষ্য অর্জনে বগুড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার রাতে টিএমএসএস মহিলা মার্কেটের কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নিকট বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, টিএমএসএসের নির্বাহী প্রধান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিশিষ্ট চিকিৎসক ডা. মশিউর রহমান এবং ডা. সি এম ইদরিস।
সভায় বগুড়ার উন্নয়ন ভাবনার ওপর প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মতিউর রহমান। বক্তারা বগুড়ার আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে বিলুপ্ত নবাববাড়িসহ বেহাল অবস্থায় থাকা শতাধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা উদ্ধার, সংস্কার ও সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে ন্যস্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. বেলাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. সাহিদুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং বিআরটিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দীর্ঘ উন্নয়ন বঞ্চিত বগুড়ার সার্বিক উন্নয়নে আধুনিক অবকাঠামো ও কর্মসংস্থান বৃদ্ধির দাবি জানানো হয়।
জেএইচআর