নৌপ্রতিমন্ত্রী

​তোমরা নাবিক নও, বিশ্বজুড়ে বাংলাদেশের পতাকাবাহী একেকজন অ্যাম্বাসেডর

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৩৫ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, তোমরা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে, তখন মনে রাখবে তোমরা কেবল সাধারণ নাবিক নও, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাবাহী একেকজন অ্যাম্বাসেডর। তোমাদের দক্ষতা ও সততার ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করছে।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) নিজস্ব ক্যাম্পাসে ২য় ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও 'পাসিং আউট' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। সরকার সমুদ্রগামী নাবিকদের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ নৌপ্রকৌশলী মো. শহীদুল্লাহও উপস্থিত ছিলেন।

এদিন জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ৯৫ জন প্রশিক্ষণার্থী সফল প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেন। কুচকাওয়াজ শেষে প্রতিমন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে এ ধরনের মানসম্মত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন।

জেএইচআর