হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষদের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। উদ্বোধনকালে তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন একটি মহতী উদ্যোগ।
এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পশু-পাখির বিভিন্ন রোগ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি বিনামূল্যে সেবা পেয়ে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন। হাবিপ্রবির পক্ষ থেকে জনসেবামূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে দিনব্যাপী এই ক্যাম্পে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের টিকা প্রদান এবং পশুপালনের বিষয়ে কৃষকদের বৈজ্ঞানিক পরামর্শ প্রদান করা হয়। মাঠ পর্যায়ে সহজভাবে প্রাণিচিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
জেএইচআর