গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা।
মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। ফাইনাল খেলাটি উপভোগ শেষে জেলা প্রশাসক অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জীবনে শুধু জিততে শিখো না, হারতেও শিখো। যদি তুমি হারতে শিখো, তাহলে তুমি জিতে যাবা।
তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় তিনিও মাঠে খেলাধুলা ও পড়াশোনা সমান্তরালভাবে চালিয়ে গিয়েছেন, যা তাঁকে পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে সাহায্য করেছে।
তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকেই তিনি বিজয়ী হিসেবে অভিহিত করেন।
প্রতিযোগিতার বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষভাগে জেলা প্রশাসক খেলোয়াড়, রেফারি ও শিক্ষকদের সঙ্গে এক প্রাণবন্ত ফটোসেশনে অংশ নেন।
প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ ও মানসিকভাবে গড়ে তোলার এই উদ্যোগকে স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা সাধুবাদ জানিয়েছেন।
জেএইচআর