দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা জোরদার এবং এর কার্যকর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণার কোনো বিকল্প নেই।
বুধবার রুয়েটের সেমিনার কক্ষে আয়োজিত ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং এ গ্রিন ট্রানজিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি একটি দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একটি দেশের প্রকৃত উন্নয়নের মানদণ্ড নিরূপণে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার একটি গুরুত্বপূর্ণ সূচক। তিনি বলেন, যেসব দেশ প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় এগিয়ে রয়েছে, সেসব দেশের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হারও তুলনামূলক বেশি। তাই জাতীয় উন্নয়নের স্বার্থে গবেষণার মাধ্যমে জ্বালানির নতুন উৎস খুঁজে বের করতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) এবং রুয়েটের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আটটি দল নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিযোগিতায় ‘এভার ফ্রেশ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ‘অপচয়-জিরো’ প্রথম রানারআপ এবং ‘গ্রিনারি গ্রিড’ দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়।
আইইইএসের পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এছাড়া সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো. মেহেদি হাসান শামিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেএইচআর