জয়পুরহাটে জুলাই আন্দোলনে বিস্ফোরক ও হত্যা মামলায় কালাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর)-এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর শহরের মূলগ্রামের ফজলুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির।
আরও রয়েছেন জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম এবং তাঁর ভাই জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
তালিকায় আরও নাম রয়েছে আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী, সাবেক ছাত্রনেতা মিনহাজুল রহমান মিথুন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা জুলাই বিপ্লবে সংঘটিত বিস্ফোরক মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার দুপুরে তাঁরা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাঁদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনা করে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেএইচআর