ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলে মরদেহ দেখালেন বড় ভাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৬, ১১:০৭ এএম

ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম নয়ন ফকির। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাইকে হত্যার পর ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের মরদেহ দেখান এবং খুনের কথা স্বীকার করেন। পারিবারিক দ্বন্দ্বে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। ইতালির পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, বড় ভাই হুমায়ুন ১২ বছর ধরে ইতালিতে থাকেন। ২০২৩ সালে তিনি ছোট ভাই নয়নকে সে দেশে নিয়ে যান। ব্যক্তিগত জীবনে হুমায়ুন দুটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। নয়ন বড় ভাইকে তালাক দিতে নিষেধ করায় হুমায়ুন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন।

এই বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক কলহের জেরে ইতালিতে এক প্রবাসী ভাই অন্য ভাইকে খুনের বিষয়টি তিনি অবগত হয়েছেন।

জেএইচআর