কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজীব মিস্ত্রি ওই হত্যা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরের দারোগার মোড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।
আলোচিত এই হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ায়। র্যাব কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জানতে পারেন যে, রাজীব মিস্ত্রি রাজশাহীর গোদাগাড়ী থানা রোডের একটি সেলুনের সামনে অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এবং র্যাব-৫-এর সদর কোম্পানির একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। সেলুনে চুল কাটাতে আসা রাজীবকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়।
এই নিয়ে পীর আবদুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত ব্যক্তিসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হলো। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রিকে আজ শুক্রবার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
জেএইচআর