মাদক-জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ওসির মতবিনিময়

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:১২ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও জমি সংক্রান্ত বিরোধসহ নানা অপরাধ প্রতিরোধে মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। 

শুক্রবার জুমার নামাজের আগে পৌর শহরের দৌলতপুর এলাকায় অবস্থিত গোরস্থান জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা ও জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধের কুফল নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি জানান, মোহনগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকসেবী বা মাদক কারবারি যে-ই হোক না কেন, তাদের অবস্থান ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।

আলোচনা শেষে তিনি স্থানীয় হাওরাঞ্চল এলাকার কৃষকদের পরিশ্রমের ফসল যেন নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন, সে জন্য সকল মুসল্লিকে নিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর