একটি ভবন ঘিরে ‘ডার্ক রেস্টুরেন্ট’ ও অনৈতিক আড্ডার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৬, ১১:৫৮ এএম

চট্টগ্রামের পটিয়া স্টেশন রোডে অবস্থিত নিউ মার্কেটকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কেটের নিচতলায় কাপড়, জুতাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও অধিকাংশ দোকান এখনো খালি পড়ে আছে। আর এই সুযোগেই ভবনের ওপরের তলাগুলোতে গড়ে উঠেছে ‘ডার্ক রেস্টুরেন্ট’ ও মাদকসেবীদের আড্ডা।

সরেজমিনে দেখা যায়, ভবনের চতুর্থ তলায় ‘গ্রীন চিলি’, ‘সোনালী সন্ধ্যা’, ‘ফুডেক্স’ ও ‘এএফসি’ নামে চারটি ছোট রেস্টুরেন্ট চালু রয়েছে। নির্জন পরিবেশে পরিচালিত এসব রেস্টুরেন্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিপথগামী কিছু যুগল এসব রেস্টুরেন্টের আড়ালে সময় কাটানোর নামে ভবনের চতুর্থ ও পঞ্চম তলার খালি কক্ষগুলোতে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মার্কেটের চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টগুলোর বসার কেবিন অত্যন্ত সংকীর্ণভাবে তৈরি করা হয়েছে। ছোট ছোট কেবিনগুলো অনেকটাই কবুতরের খোপের মতো, যা ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ তৈরি করেছে। অন্যদিকে পঞ্চম তলায় মাদকসেবনের স্পষ্ট আলামত পাওয়া গেছে। ফেনসিডিলের খালি বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ব্যবহৃত কনডমের প্যাকেট ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সন্দেহজনক অনেক লোকজন এসব স্থানে আসা-যাওয়া করে। অনেকেই দীর্ঘ সময় অবস্থান করে পরে চলে যায়। তাদের মতে, রেস্টুরেন্টে আড্ডার আড়ালে অনৈতিক কার্যকলাপ বাড়ছে।

চতুর্থ তলার ‘গ্রীন চিলি’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শারমিন চৌধুরী বলেন, “আমাদের এখানে অন্যান্য রেস্টুরেন্টের মতোই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসে। আমরা রাত ৮টার আগেই রেস্টুরেন্ট বন্ধ করে দিই। এরপর মাদকসেবী ও বখাটেদের আড্ডার বিষয়টি সত্য।” তিনি আরও জানান, কিছু যুগলকে লক্ষ্য করে বখাটেদের দ্বারা মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

তবে নিচতলার একাধিক ব্যবসায়ীর মতে, কিছু যুগলের ব্যক্তিগত দুর্বলতার সুযোগ নিয়েই অপরাধীরা সক্রিয় হচ্ছে। লোকলজ্জার ভয়ে অনেক ভুক্তভোগী আইনের আশ্রয় নেন না বলেই এসব ঘটনা আড়ালেই থেকে যায়।

এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা রেস্টুরেন্টের আড়ালে চলা অনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং মাদকসেবী ও বখাটেদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

পটিয়া নিউ মার্কেটের তত্ত্বাবধায়ক শুভ বলেন, “রেস্টুরেন্টের নামে কোনো অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। খালি কক্ষগুলোতে মাদকসেবীদের আড্ডা ঠেকাতে আগেও পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই ভবনটিকে অপরাধমুক্ত করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

এএন