ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৩২ পিএম
বহিষ্কৃত ছাত্রদল নেতা মো. মোনায়েম খাঁন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম মো. মোনায়েম খাঁন। তিনি পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, ফেসবুকে ওই পোস্ট দেওয়া, সাংগঠনিক কাজে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএন