দিনাজপুরের ঘোড়াঘাটে গরু চুরির একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঘোড়াঘাট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার সিংড়া দক্ষিণ পাড়ার কাওসার ইসলাম (৩০), কশিগাড়ি মধ্যপাড়ার মাহমুদুল হাসান মুন্না (২৮), শেখালীপাড়ার পিকআপচালক সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুরের আল রাহিদ আপন (২৫) এবং বেলওয়া নয়ন দীঘির ফাহিম ইসলাম (২৫)। তাঁরা সবাই ঘোড়াঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে উপজেলার নূরপুর এলাকার মাহবুবুর আলম শিপনের গোয়ালঘর থেকে একটি শাহীওয়াল ও একটি ফ্রিজিয়ান জাতের বকনা গরু চুরি হয়। চোরেরা গরু দুটি গোপনে বিক্রি করে দেয়।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং গরু বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির কথা স্বীকার করেছেন। চক্রের দলনেতা কাওসার ইসলাম চুরি করা গরু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছিলেন।
উল্লেখ্য, কাওসারের বিরুদ্ধে ইতিপূর্বে রংপুরের পীরগঞ্জে দস্যুতা এবং ঘোড়াঘাটে ট্রান্সফরমার চুরির একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, এই ঘটনায় থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএইচআর