গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক স্কিম নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, গাজীপুর-১ আসনটি সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। দীর্ঘদিন ধরে এ আসনের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটসহ জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে থাকায় স্থানীয় জনগণ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
এসব অবকাঠামোগত সমস্যার সমাধান এবং ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রস্তাবিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক বিভিন্ন উন্নয়ন স্কিম নির্ধারণে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, রাস্তা-ঘাট ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জনসাধারণের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক স্কিম নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করেন।
এএন