উন্নত ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মো: সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
মঙ্গলবার সকালে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংসদ সদস্য তার বক্তব্যে সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল বদলে দেবে।
উল্লেখ্য, আজ তিনি বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৪ কোটি ৬০ লক্ষ ৭৬ হাজার টাকা চুক্তিমূল্যে ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অত্র এলাকার যাতায়াত, শিক্ষা ও পণ্য পরিবহনে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
এএন