নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের সময় আটক ৫ ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবার বিকেলে কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই দুঃসাহসিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়ি দখল ও মালামাল লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এ সময় লুটপাটে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহসহ মোট ৫ জনকে হাতকড়াসহ আটক করে। তবে মুহূর্তের মধ্যেই জনি নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত রামদা ও চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট করা মালামালসহ আসামিদের ধরেছিল। কিন্তু স্থানীয় সন্ত্রাসী বাহিনী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে তাদের ছাড়িয়ে নেয়। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য গুরুত্বর আহত না হলেও সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবারও নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় মাদকবিরোধী তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। পর পর দুই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
জেএইচআর