যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:০৫ পিএম

জামালপুর সদর উপজেলার তিতপল্লা বাসস্ট্যান্ড থেকে কামালখান বাজারের মধ্যবর্তী বড়বাড়ি এলাকার চিতই বিল সংলগ্ন সরকারি পাকা সড়কের পাশে থাকা বেশ কয়েকটি পুরোনো একাশি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হেলে পড়া গাছগুলো কেটে নিয়ে যায় মিজানুর রহমান (মিজু), সোহেল ও শাহীন। অভিযোগ রয়েছে, কাটা গাছের কিছু অংশ নিজেদের বাড়িতে নেওয়া হয়েছে এবং গাছের মূল অংশগুলো বিয়ারা বাজারে এমদাদের একটি স-মিলে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে স-মিলের মালিক এমদাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ১১ খণ্ডের মধ্যে ৬টি গাছের ডালপালার অংশ উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকি ৫টি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মিজু) বলেন, “গাছ কাটতে আমাদের অর্থ ব্যয় হয়েছে।” তবে গাছ কাটার ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না, এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

অন্যদিকে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং বাকি অংশ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি গাছ কাটার ক্ষেত্রে যথাযথ নিয়ম ও অনুমতি অনুসরণ করা হয়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এএন