মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নবনির্মিত একটি ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক (এপ্রোচ রোড) দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকেলে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর (নিন্দাপাড়া) বালিয়াবাধা এলাকায় আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোডের ব্রিজের ওপর এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় জনসাধারণ ও সিংজুরী ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আকতার হোসেন মন্ডল ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা জানান, ব্রিজটির নির্মাণকাজ এক বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় তা অকেজো হয়ে পড়ে আছে। ফলে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নদী পারাপারের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এই ব্রিজটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এপ্রোচ সড়কের কাজ পুনরায় চালু না করলে আন্দোলন আরও জোরদার করা হবে। স্থানীয়দের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জেএইচআর