মহেশপুরে ধর্ষণচেষ্টা মামলায় উপজেলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৫৯ পিএম

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মে উপজেলার খালিশপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে পানি পান করার অজুহাতে ঘরে প্রবেশ করেন সাজ্জাদুল ইসলাম। এরপর তিনি ওই নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান।

ভুক্তভোগী নারী একজন সাবেক ইউপি সদস্য। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে উপস্থিত এক সাক্ষীকে তাৎক্ষণিকভাবে ২ লক্ষ টাকার অগ্রিম ব্যাংক চেক উৎকোচ হিসেবে প্রদান করেছিলেন এই প্রভাবশালী নেতা।

ন্যক্কারজনক এই ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার সকালে মহেশপুর থানায় হাজির হয়ে সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযানে নামে এবং দুপুরে খালিশপুর বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর