ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালক ও বালিকা-উভয় বিভাগের ফাইনালে কাঠালিয়া উপজেলা দলকে পরাজিত করে ঝালকাঠি পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বক্তব্যে তিনি বলেন, ১৯৭৯ সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’র যে বীজ বপন করেছিলেন, তা থেকে বহু বরেণ্য শিল্পীর জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ অঙ্গীকার বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন হুমায়ুন কবির এবং পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা। ঝালকাঠির ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই প্রতিযোগিতা উপভোগ করেন।
জেএইচআর