ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:১৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়।”

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালির ব্যানারে আধুনিক নার্সিং সেবার প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি ও বৈশ্বিক প্রতিপাদ্য তুলে ধরা হয়। এতে হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তারা অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন। তিনি বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। তাদের দক্ষতা ও সেবার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।

সমাবেশে আরও বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বেগম, নার্সিং ইনচার্জ সামসুন্নাহার লিপি, সিনিয়র স্টাফ নার্স মো. আসাদুল হক ও মো. সাদেক মিয়া। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়।

জেএইচআর