গাজীপুরে কিশোর চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:০২ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মো. শুভ (১৬) নামের এক কিশোর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শুভ নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। তিনি শরিফপুর এলাকায় পালিত বাবা আমিরুল ইসলাম ও মা বকুলা আক্তারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে পরিবারকে সহায়তা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে শুভ প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উজারপাড়া এলাকার চায়না ফ্যাক্টরির পাশের সড়কে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই শুভকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর